
একজন বীরের বিদায়
তুমি বাংলার জ্বলন্ত আগ্নেয়গিরি,
তোমার অগ্নিলাভা ছড়িয়ে পড়েছে বাংলার মাটিতে।
তুমি দাবানল—জ্বলে উঠেছো কোটি কোটি মানুষের হৃদয়ে,
তুমি বাংলার বাঘ, তোমার হুঙ্কারে রক্তে জাগে তেজ।
তুমি অলোকবর্তিকা—তোমার আদর্শেই গড়বে বাংলাদেশ,
তুমি বিপ্লবী—সার্বভৌমত্ব রক্ষা তোমার অঙ্গীকার।
তুমি বিদ্রোহী—ইনসাফের পথে তুমি একাকার,
তুমি আজাদী—বীরের বেশে গেলে চলে।
তুমি শহিদী—তোমার মৃত্যুর ফয়সালা শুধু তাই বলে,
তুমি দানবীর—অন্যায়ের বিরুদ্ধে সর্বদা প্রতিবাদী।
তুমি বিনয়ী—সদা হাস্যউজ্জ্বল, মুখ স্নেহভরা মায়াবী।
তুমি সংগ্রামী—মুক্তিকামী জনতার পথপ্রদর্শক,
তুমি সত্যের সাধক—হাজার মানুষের ভিড়ে তুমি আজ নীরব দর্শক।
তুমি জান্নাতি—লক্ষ-কোটি মানুষের প্রার্থনাতে আছো আজ,
তুমি ভাগ্যবান—দুনিয়ার জঞ্জাল পেছনে ফেলে আখিরাতে পড়েছো বীরের তাজ।
তুমি কীর্তিমান অমূল্য সম্পদ—এই দেশের, এই ধরিত্রী’র,
তুমি মহাবীর— তুমি বিদ্রোহী সুত বিশ্ব-বিধাত্রীর।
তুমি ইতিহাস—রক্তে ভেজা এক উজ্জ্বল নক্ষত্র,
তুমি খাঁটি দেশপ্রেমিক— তোমার মৃত্যুতে কাঁদিছে তাই সারা বিশ্ব।