
বছর ঘুরে আবারও সিয়াম সাধনার পবিত্র মাস রমজান মুসলিম উম্মাহর দ্বারপ্রান্তে হাজির হচ্ছে । বিশ্বজুড়ে আত্মশুদ্ধির এ মাসকে ঘিরে মুসলমানদের মধ্যে শুরু হয়েছে নানান প্রস্তুতি। এদিকে ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আগত রমজান শুরুর সম্ভাব্য তারিখ এবং ঈদুল ফিতরের সময়সূচি নিয়ে তাদের প্রাথমিক হিসাব প্রকাশ করেছে।
আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ আজ ১৯ জানুয়ারি রোজ সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট (আইএসিএডি) হতে প্রকাশিত ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী দেখা যায়, আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী জানা যায়, মধ্যপ্রাচ্য ও সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৮ ফেব্রুয়ারি (বুধবার) প্রথম রোজা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে।
তবে বাংলাদেশসহ এশিয়ার অন্যান্য দেশে চাঁদ দেখার ওপর রোজা শুরু নির্ভর করবে । সে অনুযায়ী, রোজা শুরু হতে পারে ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি থেকে। শরিয়তের বিধান অনুযায়ী, শাবান মাসের শেষ দিনে চাঁদ দেখার উপর ভিত্তি করেই রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
চাঁদের ওপর হিজরি বর্ষপঞ্জি নির্ভরশীল হওয়ায় রমজান মাস সাধারণত ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস মতে, ১৯ মার্চ (বৃহস্পতিবার)-২০২৬ সালের রমজান মাস শেষ হতে পারে ।